শত সহস্র বছর ধরে পৃথিবীর বুকে জন্ম নিয়েছে অসংখ্য মানুষ। পৃথিবীতে মানুষের জন্ম যেমন আলোকিত ঘটনা তেমনি মৃত্যু হচ্ছে অন্ধকারময়। জন্ম ও মৃত্যুর এই প্রকৃতিগত খেলার মাঝেই বসবাস বিশ্বের লক্ষ কোটি মানুষের।। স্থলভাগের নানা সমাজে উপস্থিত এমন সহস্রাধিক চরিত্রের এক প্রতিনিধির নাম সঞ্জনা। গল্পে বরাবরই সঞ্জনাকে স্পর্শ করে পরিবার, সমাজ ও জীবন দেখায় প্রতিকূলতা। গল্পে সহপাঠী-বন্ধু, পরিবার-প্রতিবেশীকে নিয়ে কয়েক দশকের যাপিত জীবনের আলাপ সৃষ্টি করে সঞ্জনা নামের চরিত্রটি। ছোট্ট অথচ নশ্বর জীবনে সেখানে যোগাযোগ ঘটে প্রেমের, মেলবন্ধন ঘটে মানুষের ভাবাবেগ ও জন্ম-মৃত্যুর অনুভূতির। আবেগ, প্রকৃতির নৈসর্গিকতা, সর্ম্পকের বিশ্বাস- ছলকলা, উৎসব-পার্বণ সবকিছুই এক ক্যানভাসে কালি ও কলমের মাধ্যমে ফুটে উঠেছে “কিছু বিষাদ হোক পাখি” তে।। বস্তুবাদ নাকি ভাবুকতা, সূক্ষ্ণ অনুভূতি নাকি বাস্তবতা, দ্বন্দ্ব নাকি মিলন, টানাপোড়েন নাকি স্বচ্ছলতা এমন বহুমাত্রিক পরিস্থিতিতে মানুষের জীবন ও জীবনবোধের পরীক্ষার ফলাফল দেখা যাবে গল্পের শেষাংশে। “কিছু বিষাদ হোক পাখি”- এক চরিত্রের গল্প তবে কয়েক চরিত্রের পুরো জীবনের গল্পও। প্রতিদিনই ভোরের আলো ফোটার অনেকটা সময় পর যখন সন্ধ্যা প্রদীপ নামে তখন একটি কথা বরাবরই হৃদয়ে বাজে-জীবনে যত কিছুই ঘটুক না কেন, মানুষ মূলত একা।