সে এক অদ্ভুত সময় এসেছিল বাংলাদেশে। ক্ষমতাকে আকড়ে ধরে থাকবার অনৈতিক লােভ থেকে সৃষ্ট দেশব্যাপী রাজনৈতিক অনিশ্চয়তার মুখে এসেছিল ২০০৭ সালের এগারােই জানুয়ারি (ওয়ান ইলেভেন) পরবর্তী ভিন্নধর্মী এক তত্তাবধায়ক সরকার। ক্ষমতায় এসেই জনগনের চোখে স্বপ্ন বুননের কাজ শুরু করলেও অচিরেই তাদের স্বরূপ উন্মােচিত হতে থাকে, আবারাে স্বপ্নভঙ্গের মুখােমুখি হয় জনগন। দেশে চলতে থাকে পরােক্ষ সামরিক শাসন, রাজনীতিতে চলতে থাকে নানামুখী সমীকরন, প্লাস মাইনাসের হিসেব-নিকেশ। অবরূদ্ধ সেই সময়ে দেশের মানুষ যখন সন্ত্রস্ত দিশেহারা, মিডিয়ায় যখন চলছিল কড়া নজরদারী প্রবাস থেকে লেখনীর মাধ্যমে তখন সােচ্চার ছিলেন কবি ও কলামিস্ট আবুল হাসনাৎ মিল্টন। কৌশলী শব্দ চয়নে সব প্রতিকূলতা এড়িয়ে একের পর এক রাজনৈতিক কলাম লিখেছেন দেশ-বিদেশের পত্রপত্রিকায় প্রধানত ‘দৈনিক আমাদের সময়’ ও সিডনির অনলাইন পত্রিকা 'বাসভূমি’তে। এইসব লেখাগুলাে তখন শক্তি আর সাহস জোগাতাে দেশ-বিদেশেরর গণতন্ত্রকামী মানুষগুলােকে। সেই অদ্ভুত সময়ে লেখা কলামগুলাে এই গ্রন্থে প্রকাশিত হল । ভবিষ্যতে বাংলাদেশের রাজনীতির ধারা ও ওয়ান ইলেভেন সরকারের নির্মোহ মূল্যায়নের ক্ষেত্রে এই গ্রন্থটি একটি দূর্লভ দলিল হিসেবে বিবেচিত হবে।