সিনেমায় যাঁরা অভিনয় করেন, তাঁদের অনেকেরই বাস্তব জীবনকাহিনী রুপোলি পরদার কাহিনীর থেকেও চমকপ্রদ। বোম্বে সিনেমার তেমনই একজন অতিচেনা অভিনেত্রীর জীবনের অজানা কাহিনী ‘জয়মালা’। তাঁর দুঃখ-অপমান, সংগ্রাম-সাধনা, সম্মান-স্ক্যান্ডাল, প্রেম ও প্রতিশোধের জীবন্ত আখ্যান। বাবা সিনেমার ডাকসাইটে নায়ক, মা মোটামুটি নামী অভিনেত্রী, অভাব ছিল না বিত্তবৈভবের, অথচ দশ বছর বয়স থেকেই কী অদ্ভুতভাবে বদলে গেল জয়মালার জীবনটা। সেদিনটার কথা আজও ভোলেনি জয়মালা। স্কুল থেকে আচমকা বাড়ি ফিরে এসেছিল। এসে যা দেখল, তা যেন এক বিস্ফোরণ। সেই বিস্ফোরণে চুরমার হয়ে গেল জয়মালার স্বপ্ন-দেখা শৈশব, দু’টুকরো হয়ে গেল গোটা সংসার। একদিকে, লাম্পট্যকেই-অহংকার-করে-তোলা বাবা মাধবন, অন্যদিকে, নিরাশ্রয় মা ও কিশোরী জয়মালা। সেই জয়মালাকে নিয়েই এই উপন্যাস। হিন্দি চলচ্চিত্রের এক অতিচেনা নায়িকার অজানা জীবনের জীবন্ত রেখাচিত্র। তাঁর সংগ্রাম-সাধনার, কৃতিত্ব-পুরস্কারের, রোমান্স-স্ক্যান্ডালের পাশাপাশি বাবা মাধবনের অহঙ্কারকে চূর্ণ করে যাবতীয় অপমানের শোধ তোলার এক দুরন্ত কৌতুহলকর কাহিনী।