একটা বোতলে ‘ব্রিটানিয়া’ জাহাজের ক্যাপ্টেন হ্যারি গ্রান্টের তিন ভাষায় লেখা দলিল পাওয়া যায়। জাহাজ ডুবে গেলেও ক্যাপ্টেন দুই নাবিক সহ বেঁচে ছিলেন। ব্রিটেন ওদের উদ্ধার করতে অস্বীকার করলে স্ত্রী হেলেনার অনুরোধে ক্যাপ্টেন গ্রান্টের সন্তান মেরি ও রবার্টকে সাথে করে স্কটল্যান্ডের লর্ড গ্লেনারভান নিজ জাহাজ ‘ডানকান’ নিয়ে উদ্ধার অভিযান শুরু করেন। ভুলক্রমে ওদের সাথে যুক্ত হলেন ফরাসি ভূগোলবিদ জ্যাক প্যাগানেল। কিন্তু কোথায় অনুসন্ধান করবেন? তিন ভাষায় লেখা মূল বার্তা আংশিকভাবে সমুদ্রের পানিতে মুছে গেছে। অবশিষ্ট টুকরা বিভিন্ন উপায়ে ব্যাখ্যা করা যেতে পারে। শুধুমাত্র একটা সূত্র নিশ্চিত যে ক্যাপ্টেন গ্রান্ট ৩৭তম সমান্তরালের কোথাও আছেন। দক্ষিণ আমেরিকা হয়ে অস্ট্রেলিয়ায় অভিযান। সেখানে পাওয়া যায় ব্রিটানিয়ার কোয়ার্টারমাস্টার আইরটনকে। সে ডানকান দখলের লক্ষ্যে ওদের ভুল পথে নিয়ে যায়। ওরা জাহাজ হারিয়ে কার্গো জাহাজে নিউজিল্যান্ড যাত্রা করলে দুর্ঘটনায় পড়ে ভয়ংকর মাওরিদের হাতে বন্দী হয়। মাওরি উপজাতি মানুষের মাংসের অনুরাগী। লর্ড গ্লেনারভান কি পারবেন জীবনের ঝুঁকি নিয়ে চূড়ান্ত বিপদ থেকে উদ্ধার পেয়ে ক্যাপ্টেন গ্রান্টকে তার সন্তানদের কাছে ফিরিয়ে দিতে?