জন্ম ২৫ নভেম্বর ১৯৫৮ সালে ঢাকায়। বড় হয়েছেন বরিশালে। সেখানে পড়াশোনাকালে যুক্ত হয়েছেন লিটল ম্যাগাজিন আন্দোলনে। বের করেছেন অনিয়মিত কবিতা সংকলন শব্দফুল নীলিমা, অসঙ্গতি, রৌদ্রের গান। ১৯৭১-এর মুক্তিযুদ্ধ শেষে দেশে কবিতার সে এক উত্তাল সময়। বরিশাল শহর তখন তরুণ কবিদের পদধ্বনিতে মুখরিত। এসময় ১৯৭৫ সালে নদীর দেশ বরিশাল সংখ্যা সাপ্তাহিক বিচিত্রায় কবি পরিচয়ে তিনি সামনে আসেন। এরপর কবিতাই তাকে নিয়ে গেছে হাত ধরে দৈনিক বাংলার সিঁড়ি ভেঙে কবি আহসান হাবীব, কবি শামসুর রাহমানের স্নেহ ছায়ায়। উৎসাহ পেয়েছেন কবি রফিক আজাদ, কবি আসাদ চৌধুরীর কাছ থেকে। ১৯৭৭ এ বরিশালে গড়ে তোলেন প্রগতিশীল লেখকদের সংগঠন বাঙলাদেশ লেখক শিবির বরিশাল শাখা। সক্রিয় হয়েছেন বিপ্লবী ধারার ছাত্র সংগঠন গড়ে তুলতে ১৯৭৯-১৯৯২ পর্যন্ত। এরশাদ সামরিকজান্তা বিরোধী ছাত্র আন্দোলনে রেখেছেন সার্বক্ষণিক ভূমিকা। বর্তমানে জাতীয় রাজনীতিতে ফ্যাসিবাদ ও সা¤্রাজ্যবাদবিরোধী গণতান্ত্রিক সংগ্রাম বেগবান করতে সক্রিয়। তিনি জাতীয় মুক্তি কাউন্সিল-এর সম্পাদক ও বাংলাদেশ ট্রেড ইউনিয়ন ফেডারেশন (টাফ)-এর সভাপতি।