আজকের বর্তমান পৃথিবীর চারদিকে চলছে অশান্তির দাবানল। কোথাও শান্তি নেই। শান্তির খোঁজে পৃথিবীর মানুষ ক্লান্ত। পৃথিবীজুড়ে চলছে যুদ্ধ, ক্ষুধা, দারিদ্র্য, বর্ণবৈষম্য, ক্রুসেড, দুর্ভিক্ষ, অর্থনৈতিক মন্দা - আরও কত সমস্যা। এসব সমস্যার প্রতিকার কে করবে? যেখানে ভাইয়ে ভাইয়ে যুদ্ধ, বর্ণে বর্ণে যুদ্ধ, ধর্মে ধর্মে যুদ্ধ। কে সৃষ্টি করবে নতুন বট? দেখাবে নতুন আলো?
এ এক হিংস্র, নিষ্ঠুর ধ্বংসের যুগ। কিন্তু এ ধ্বংসের মধ্যে রয়েছে বিপুল সৃষ্টির সম্ভাবনা। এ যুগ প্রলয়ের, এ যুগ নব জীবনের। গৃহকোণে বসে নিস্ফল ক্রন্দনের সময় এটা নয়। নতুন যে আলো জগতে দৃশ্যমান হচ্ছে, তার দিকে মুখ তুলে দাঁড়াবার সময় এসেছে। নতুন উষার অভ্যুদয় পর্যন্ত এটা চলবে। আমাদেরকে এক হতে হবে নতুন শান্তিময় বসুন্ধরা সৃষ্টির লক্ষ্যে। শুরু হোক না একজন থেকে, যেখানে সারিবদ্ধ হবে লক্ষ কোটি নব তরুণ। সূচিত হবে এক নবদিগন্তের। আঁধারের ঘোর কেটে উঠবে এক নব প্রভাত। আমরা সে কাক্সিক্ষত সময়ের প্রতীক্ষারত।