গত শতাব্দীর সমবয়সী সুকুমার সেন আজীবন অনুসন্ধান করেছেন বিচিত্র বিষয়ে। কখনও ব্যস্ত থেকেছেন বাংলা বা ভারতীয় আর্য সাহিত্যের ইতিহাস রচনায় আবার কখনও ভাষার ইতিবৃত্ত রচনায়। এর পাশাপাশি শব্দের ইতিহাস থেকে সংস্কৃতির আঙিনায়, পুরাণ থেকে মহাকাব্যের দোরগোড়ায়, ভূত থেকে গোয়েন্দা কাহিনির জালে, বটতলার ধূসর পাতা থেকে ইতিহাসের গহ্বরে নিরলস ভ্রমণ করেছেন তিনি। এই অনুসন্ধিৎসু মনের প্রথম পরিচয় পাওয়া যায় ‘প্রবাসী’-র পাতায় ১৩২৭ সালে। তারপর আমৃত্যু বিচিত্র বিষয়ে লিখেছেন অজস্র প্রবন্ধ। পত্র-পত্রিকার পাতায় ছড়িয়ে থাকা প্রবন্ধগুলিকে নিয়ে ইতিমধ্যে প্রকাশিত হয়েছে দুটি খণ্ড। এবার প্রকাশিত হল তৃতীয় খণ্ড। শতাধিক প্রবন্ধের সংকলন এই খণ্ড। মানববিদ্যার যে যে শাখায় তিনি বিচরণ করেছেন তার প্রায় প্রত্যেকটিরই চিহ্ন রয়ে গেছে এই খণ্ডের কোনও না কোনও প্রবন্ধে। বর্তমান ও আগামী প্রজন্মের জন্য দুই মলাটের মধ্যে ধরা থাকল তাঁর বিচিত্র চিন্তাভাবনা।