“হঠাই, যেন মনে হয় একটা ঘূর্ণিঝড় শিকড় গেড়ে বসেছে শহরের কেন্দ্রস্থলে, পাতার ঝড়কে অনুসরণ করে এসেছে কলা উৎপাদন সংস্থা।”
নােবেল পুরস্কার বিজয়ী গাব্রিয়েল গার্সিয়া মার্কেস, নিঃসঙ্গতার একশ বছর উপন্যাসের লেখক, কীভাবে একটা ফলসংস্থা কলাম্বিয়ার একটা ছােট শহরকে তছনছ করে গিয়েছে প্রাঞ্জল ও শক্তিশালী ভাষায় তার বর্ণনা করেছেন তার পাতার ঝড়ে অন্ত্যেষ্টির বিষাদ উপন্যাসে।
কলাসংস্থা শহর ছেড়ে যাওয়ার পর থেকেই বৃষ্টিভেজা শহরটা অবক্ষয়িত হয়েই চলেছে। তার মানুষজন বিমর্ষ ও কষ্টক্লিষ্ট। সুতরাং যখন সেই ডাক্তার, যে বিদেশী হয়ে এসে শেষ পর্যন্ত শহরের সবথেকে চক্ষুশূল হয়ে উঠেছিল, মারা যায় তখন তার জন্য শােক করার কেউ থাকে না। কিন্তু সেই শহরে বাস করতেন কর্নেল যিনি বহুবছর আগের এক অঙ্গীকার পালনে বদ্ধপরিকর হয়েছিলেন। কর্নেল ও তাঁর পরিবার তাকে সমাধিস্থ করেছিলাে, যদিও শহরের অধিবাসিরা চাইত শবদেহ বিস্মৃত হয়ে হেজেপচে পড়ে থাকুক।