ইতিহাসের জগৎ বদলে গেছে। আমাদের এখানে যাঁরা ইতিহাসচর্চা করেন বিভিন্ন পর্যায়ে তাঁরা গৎবাঁধা রীতিতে চর্চা করেন, বিষয়বৈচিত্র্য প্রায় নেই, জগৎটাও সীমাবদ্ধ। সারা জগৎ যে এখন ইতিহাসের বিষয় সেটি মননে নিলে বিষয়বৈচিত্র্য যেমন আসবে তেমনি ইতিহাসচর্চা ও গবেষণায়ও নতুন মাত্রা আসবে। সম্পাদক লিখেছেন, “এ বিষয়টি চিন্তায় রেখেই ইতিহাস পাঠ সংকলিত করতে চেয়েছি। কত কিছু যে গবেষণার বিষয় হতে পারে তাও গবেষকরা অনুধাবন করবেন, জানবেন পদ্ধতিগত বিষয়। এতে ইতিহাসচর্চা বেগবান হবে।” গত তিন-চার দশকে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গে বাংলা ভাষায় প্রকাশিত প্রবন্ধাবলি নিয়েই এই সংকলন। কয়েক খণ্ডে এটি প্রকাশিত হবে।
বর্তমান খণ্ডটি বিচিত্র সব প্রবন্ধে সজ্জিত। প্রাচীন জনপদ, বিস্মৃত পথ, নগর, প্রযুক্তি, ডাকাতি, গ্রাম, ঔপনিবেশিক মনোভঙ্গি, পরিবার, এ.কে. ফজলুল হক প্রভৃতি দ্বাদশতম খণ্ডের বিষয়। লিখেছেন-
মো. শাহিনুর রশীদ, গৌতম সেনগুপ্ত, অনিরুদ্ধ রায়, প্রদীপ বসু, তুষার বরণ হালদার, সিরাজুল ইসলাম, অশীন দাশগুপ্ত, মুনতাসীর মামুন, ভেলামভান সেন্দেল।