শুধু চলচ্চিত্র ইতিহাসেই নয় ,বিশ্বের শিল্প সাহিত্যের ইতিহাসে অস্কার পুরস্কার সবচেয়ে আলোচিত , সম্মানজনক পুরস্কার। ১৯২৯ সালের ১৬ মে হলিউডের রুজভেল্ট হোটেলের ব্লাজম রুমে প্রথম অস্কার পুরষ্কার দেওয়া হয়। চলচ্চিত্রের ইতিহাসে প্রাচীনতম , জনপ্রিয় এবং প্রভাবশালী এই পুরস্কার দিয়ে থাকে ‘ একাডেমি অব মোশন পিকচার্স এণ্ড সায়েন্স’ নামের একটি লাভজনক প্রতিষ্ঠান। ১৯২৮ সাল থেকে আজ পর্যন্ত ৮৪ টি চলচ্চিত্র অস্কারে সেরা চলচ্চিত্রের পুরস্কার পেয়েছে। এই ৮৪ টি চলচ্চিত্রের পরিচিতি নিয়েই এই বই। উল্লেখ্য, কোনো পুরস্কারই শ্রেষ্ঠত্বের চূড়ান্ত মাপকাঠি নয়। চালি চ্যাপলিন , অরসন ওয়েলস, সের্গেই আইজেননস্টাইন, সত্যজিৎ রায়, আব্বাস কিয়োরোস্তামি’র মতো সেরা পরিচালকদের চলচ্চিত্র অস্কারে সেরা চলচ্চিত্রের স্বীকৃতি পায় নি। পৃথিবীর আর দশটা পুরস্কারের মতো অস্কার পুরস্কার নিয়েও তর্ক-বিতর্ক কম হয় না। তবু অস্কার বিজয়ী চলচ্চিত্রের সম্মানই আলাদা। চলচ্চিত্র সমাজে এ যেন ব্রাহ্মণকুল। দুঃখজনক হলেও সত্য, বাংলাদেশে তো বটেই, বাংলাভাষাতে অস্কার বিজয়ী সমগ্র চলচ্চিত্র নয়ে কোনো বই নেই । সেই বিবেচনায় এটি বাংলা্ভাষায় প্রথম গ্রন্থ যা অস্কার বিজয়ী সব চলচ্চিত্রের মৌলিক তথ্যাদি সরবরাহ করছে।