যুদ্ধ বলতে কী বুঝায় আমাদেরকে তা বুঝিয়ে বলার প্রয়োজন পড়ে না। তবে যুদ্ধ ও স্নায়ুযুদ্ধের মধ্যে একটি পাথর্ক্য আছে। আলোচনা না করলে এ পাথর্ক্য কারো কাছে স্পষ্ট হবে না। যুদ্ধ প্রকাশ্য সশস্ত্র সংঘর্ষ হলেও স্নায়ুযুদ্ধ তা নয়। স্নায়ুযুদ্ধ হচ্ছে বিশ্ব রাজনীতি নিয়ন্ত্রণ এবং বিশ্বে প্রভাব বিস্তারে নিজের পরিচয় গোপন রেখে অন্য কারো মাধ্যমে প্রতিপক্ষকে দুর্বল ও ঘায়েল করার একটি প্রচেষ্টা। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর এ বিচিত্র যুদ্ধ বা প্রতিদ্বন্দ্বিতা শুরু হয়েছিল। দুটি পরাশক্তি যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বে দুটি পরস্পরবিরোধী সামরিক ও রাজনৈতিক জোটের মধ্যে স্নায়ুযুদ্ধ বেধে যোয়। উত্তেজনাপূর্ণ এ পরিস্থিতি আমাদের ভাষায় ঠান্ডা বা শীতল লড়াই।
আজকের বাস্তবতা যাই হোক না কেন, ১৯৯০-এর দশকের আগে বিশ্বের প্রতিটি ঘটনায় স্নায়ুযুদ্ধের প্রভাব ছিল। এমন কোনো ঘটনা খুঁজে পাওয়া যাবে না যেখানে দুটি পরাশক্তির একটিও জড়িত ছিল না। আন্তর্জাতিক অঙ্গনে ভাঙ্গা গড়া ও উত্থান পতনে কোনো না কোনো পরাশক্তির স্বার্থ ছিল। তাদের ইঙ্গিতে অথবা পৃষ্ঠপোষকতায় ঘটনাগুলো ঘটেছে। দুটি পরাশক্তির দ্বন্দ্বে স্থানীয়ভাবে সংকট তৈরি হয়। স্থানীয়দের ভূমিকা সবার নজরে আসতো। পরাশক্তিরা অবস্থান করতো নেপথ্যে। তাদেরকে দৃশ্যপটে খুঁজে পাওয়া যেতো না।
বইটি পাঠ করলে অনেকে বিস্মিত হবেন। মনের কোণে অজান্তে এমন বহু দৃশ্য ভেসে উঠবে। বিশ্বে সংঘটিত বহু ঘটনার সঙ্গে আমাদের জাতীয় ও স্থানীয় বহু ঘটনার অদ্ভুত মিল খুঁজে পাওয়া যাবে। বইটি পাঠ করার পর পরবর্তী জীবনে পাঠকদের দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন ঘটবে বলে আমার বিশ্বাস। চট করে কোনো কিছু বিশ্বাস করার আগে পাঠকরা দুবার চিন্তা করবেন। পাঠকরা সাক্ষ্য দেবেন যে, আমরা প্রতিনিয়ত যা দেখি তাই একমাত্র দেখা নয়। আমরা যা শুনি তাই শেষ কথা নয়। আজকে আমাদের কাছে যাকে রহস্য বলে মনে হয়, যার কোনো জবাব নেই, আগামীদিনে হয়তো তার মীমাংসা হবে। সত্য তার নিজের শক্তিতে প্রকাশ পায়। বইটিতে আমাদের চিরচেনা পৃথিবীর এমনি কিছু ঘটনার বর্ণনা দেয়া হয়েছে যেগুলো ছিল সমসাময়িককালে রহস্যময়। সত্যি ভূরাজনীতি অতি নির্মম, অতি নিষ্ঠুর। ক্ষমতার প্রভাব বলয় সৃষ্টিতে পরাশক্তির খায়েশে কত উলু খাগড়ার মৃত্যু হয়েছে তার শেষ নেই। একথা আজ কারো অজানা নয় যে, বিশ্বে পরাশক্তির ইচ্ছা ও আশীর্বাদ ছাড়া কোনো ঘটনাই ঘটে না। তাদের ইচ্ছাই ইচ্ছা। তাদের কথাই কথা। তারা যা চায় তাই হয়। তারা তাদের প্রয়োজনে ইচ্ছামতো বিশ্বের মানচিত্র ও রাজনৈতিক ক্ষমতার পরিবর্তন ঘটায়। উদ্দেশ্য সাধনে প্রথমে উপযুক্ত পরিবেশ তৈরি করে। সবশেষে মঞ্চস্থ হয় চূড়ান্ত পর্ব। এ যেন এক নাটক। আমাদের মতো তৃতীয় বিশ্বের দেশগুলো এ নাটকের দর্শক মাত্র। তারা হাসতে বললে আমরা হাসি। কাঁদতে বললে কাঁদি। একটু নড়চড় হলেই বিপদ। গরীবের শত দোষ। কিন্তু হাজারো দোষ করলেও বৃহৎ শক্তির কোনো দোষ নেই। তাদেরকে সালাম করতে হবে, প্রভু বলে স্বীকৃতি দিতে হবে। এ হচ্ছে আজকের পৃথিবী। এ ছিল স্নায়ুযুদ্ধ । স্নায়ুযুদ্ধকালে যুক্তরাষ্ট্র শত্রুতাপূর্ণ আচরণ করলে সোভিয়েত ইউনিয়নের দিকে হাত বাড়ানো যেতো। সোভিয়েত ইউনিয়ন ভেঙ্গে যাওয়ায় একমেরুকেন্দ্রিক বিশ্বে এখন সেই সুযোগও নেই। শত্রু হলেও যুক্তরাষ্ট্র, বন্ধু হলেও যুক্তরাষ্ট্র। বাম ও ডান সবাই এখন এক মেরুতে।