ছোট্ট বন্ধুরা, রূপকথার গল্প পড়তে তোমরা সবাই ভালোবাস, তাই না? হ্যাঁ, সারা পৃথিবীর তাবৎ শিশুর কাছেই রূপকথার গল্প প্রিয়। শুধু কি শিশুরা? বড়রাও কি রূপকথা কম ভালোবাসে? আর সেই রূপকথার গল্প যদি হয় রূপকথা উপন্যাস, তখন মজাটা কেমন হয় বলতো? তখন হবে ডবল মজা, গরম গরম তিলের খাজা! সোনালি আপেল তেমনি এক মজার রূপকথা উপন্যাস তোমাদের জন্য বন্ধুরা। এই উপন্যাসে দুখিনী এক মেয়ের জীবনের কাহিনি বলেছি।
মেয়েটির নাম সোনা। বড় ভালো সে- দেখতে যেমন পরির মতো সুন্দর, তেমনি সুন্দর আর মনকাড়া তার আচার-ব্যবহার। কিন্তু হলে কী হবে! তার বাবা-মা নেই। চাচি আর চাচাতো বোনদের সাথে থাকে। তারা তাকে দুচোখে দেখতে পারে না- কেবলই গালমন্দ আর দুচ্ছাই করে। মারধরও করে। কিন্তু তাতে কি! যারা ভালোমানুষ, তারা কখনো হারে না জীবনে। তাদের দুঃখও বেশি দিন থাকে না। সোনার ক্ষেত্রেও তাই হলো। ফুলপরি আর সোনালি আপেলের জন্যই অজ পাড়াগাঁয়ের এক দুখিনী কন্যের জীবন বদলে গেল- একদিন সে হয়ে গেল রাজরানি। কীভাবে? তা জানার জন্য পড়ো এই রূপকথা উপন্যাসটি।